দেশের সবচেয়ে আধুনিক সুবিধাসম্পন্ন টার্মিনাল থার্ড টার্মিনাল চালু হচ্ছে খুব শীঘ্রই।এতে করে যেমন যাত্রী সেবা বাড়বে তেমনি অর্থনীতি তে অনেক অবদান রাখবে এই টার্মিনাল।সে প্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্যাসেঞ্জার ও কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২১ মে) বিকাল ৪টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন
এসময় বিমান উপদেষ্টা বলেন, থার্ড টার্মিনালকে রাষ্ট্রীয় লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। আমরা আমাদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর।
এতে জ্বালানি উপদেষ্টা বলেন, আমাদের সকলের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে। কিন্তু আমাদের রাষ্ট্রীয় দিকটিকে বিবেচনা করতে হবে যাতে আমরা এভিয়েশন খাতকে লাভজনক পর্যায়ে নিতে পারি। এলক্ষ্যে আমরা সকলের আন্তরিক প্রচেষ্টা চাই। উপস্থিত সদস্যগণ জ্বালানি উপদেষ্টার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।
সভায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনলাইনে যুক্ত ছিলেন। অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
