ইউরোপের শীর্ষ অভিবাসন প্রশিক্ষণ কর্মসূচিতে পূর্ণ বৃত্তি অর্জন দেবব্রত ঘোষের

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১২ ঘন্টা আগে

বিএমইটির দেবব্রত ঘোষের আন্তর্জাতিক সাফল্য, ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সামার স্কুলে পূর্ণ বৃত্তি

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক দেবব্রত ঘোষ ইতালির ফ্লোরেন্সে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট-এর ২২তম অভিবাসন বিষয়ক গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬-এ অংশগ্রহণের জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেছেন। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২২ জুন থেকে ৩ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের অভিবাসন নীতি কেন্দ্র আয়োজিত এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের কর্মী এবং উন্নয়ন পেশাজীবীরা অংশ নেবেন। কর্মসূচির মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক অভিবাসন, আশ্রয়নীতি, শ্রম অভিবাসন, অভিবাসন শাসনব্যবস্থা, মানবাধিকার, আন্তঃরাষ্ট্রীয় অভিবাসন সম্পর্ক এবং অভিবাসন কূটনীতি বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

জানা গেছে, দেবব্রত ঘোষের আন্তর্জাতিক বিমান ভাড়া, আবাসন, প্রশিক্ষণ ফি, প্রশিক্ষণ সামগ্রী, গ্রন্থাগার ব্যবহার, ইন্টারনেট সুবিধা, সামাজিক ও পেশাগত যোগাযোগমূলক কার্যক্রম এবং প্রশিক্ষণকালীন মধ্যাহ্নভোজসহ সব ব্যয় আয়োজক প্রতিষ্ঠান বহন করবে।

বর্তমানে তিনি বিএমইটির অভিবাসন শাখায় সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি গবেষণা সেল, অভিযোগ ব্যবস্থাপনা সেল এবং নিয়োগ অনুমোদন শাখায় দায়িত্ব পালন করেন। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর প্রবাসী কল্যাণ ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার প্রতিরোধ, অভিবাসী কর্মীদের কল্যাণসেবা প্রদান এবং প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অভিবাসন খাতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন দেবব্রত ঘোষ দেশের বিভিন্ন অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ, প্রাক-প্রস্থান প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, অভিবাসী নিবন্ধন, অভিযোগ নিষ্পত্তি, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন।

তিনি ২০২৩ সালে নেদারল্যান্ডসের মাস্ট্রিখট বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের অভিবাসন গবেষণা ইনস্টিটিউট পরিচালিত অভিবাসন ব্যবস্থাপনা ডিপ্লোমা কর্মসূচিতে পূর্ণ বৃত্তি নিয়ে অংশগ্রহণ করেন এবং সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করেন।

এছাড়া তিনি ইতালিতে অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক অভিবাসন আইন বিষয়ক কোর্স, থাইল্যান্ডে অনুষ্ঠিত লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি ও ভবিষ্যৎ কর্মসংস্থানবিষয়ক আঞ্চলিক একাডেমি এবং বেলজিয়ামে অনুষ্ঠিত ফিউচার ফোরাম সম্মেলনে পূর্ণ বৃত্তি ও ফেলোশিপের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।

অভিবাসন বিষয়ে তাঁর অবিচল কাজ ও পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক অভিবাসন নীতি উন্নয়ন কেন্দ্রের প্রশংসাপত্র, বিএমইটির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস) পুরস্কার এবং শরণার্থী ও অভিবাসন গবেষণা ইউনিট প্রদত্ত ‘সোনার মানুষ সেবা পুরস্কার’ অর্জন করেছেন।

দেবব্রত ঘোষ বলেন, “এই বৃত্তি অর্জন আমার জন্য যেমন ব্যক্তিগত সম্মানের, তেমনি বাংলাদেশের অভিবাসন খাতে কর্মরত সকল সহকর্মীর জন্যও গর্বের বিষয়। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশে নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন ব্যবস্থাপনা উন্নয়নে কাজে লাগাতে চাই।”

সংশ্লিষ্টদের মতে, ইউরোপের অন্যতম সেরা অভিবাসন শিক্ষা ও গবেষণা প্ল্যাটফর্মে বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তার পূর্ণ বৃত্তি অর্জন দেশের অভিবাসন ব্যবস্থাপনা, গবেষণা ও নীতিনির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অভিবাসন খাতের অভিজ্ঞতা ও সাফল্য তুলে ধরার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অভিবাসন
  • অভিবাসী
  • ইউরোপ
  • বিএমইটি
  • সর্বশেষ