ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর ঘোষণা আসতে পারে বুধবারে

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১২ ঘন্টা আগে

আগামীকাল বুধবার (২০ মে) এলজিআরডি মন্ত্রীর ঠাকুরগাঁও সফর থেকে আসতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর ঘোষণা।

 

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর করবেন। এ সময় তার সাথে থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এ উপলক্ষে মঙ্গলবার জেলা বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সফরসূচি, জনসমাগম এবং বিমানবন্দর পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় জানানো হয়, আগামী ২০ মে ঠাকুরগাঁওয়ের আপামর জনসাধারণের জন্য নতুন বার্তা নিয়ে আসছেন বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

জেলা বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, এদিনই ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর ঐতিহাসিক ঘোষণা আসতে যাচ্ছে।

 

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জে একটি বিমানবন্দর রয়েছে। একসময় এটি সরকারি ও সামরিক কাজে ব্যবহৃত হত। বর্তমানে বিমানবন্দরটি পরিত্যক্ত রয়েছে। ১৯৪০ সালে ৫৫০ একর জমির উপর বিমানবন্দরটি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী এখানে হামলা চালালে বিমানবন্দরের রানওয়েটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

এই বিমানবন্দরটি ১৯৭৭ সালে সংস্কার করা হয়। তারপর থেকে কয়েক বছর এখানে কিছু বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হয়। আগ্রহের অভাব এবং যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে বিমানবন্দরের কার্যক্রম থেমে যায় এবং ১৯৮০ সালে এটি পরিত্যক্ত হয়।

 

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং এই এলাকার সংসদ সদস্য বিএনপি মহাসচিব ও বর্তমান সরকারের এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রতিশ্রুতিতে ঠাকুরগাঁও বিমানবন্দরটি পুনরায় চালুর আশ্বাস দেন। এলজিআরডি মন্ত্রীর আসন্ন ঠাকুরগাঁও সফরকে কেন্দ্র করে এই বিমানবন্দর পুনরায় চালুর ব্যাপারে স্পষ্টতই সবুজ সংকেত পাওয়া যাচ্ছে। আগামী ২০ মে এই ঘোষণা আসতে যাচ্ছে বলে মনে করছেন বিএনপির জেলা নেতৃত্ব।

  • travel based first digital media
  • ঠাকুরগাঁও বিমানবন্দর
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া