আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধাসম্পন্ন ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একইসঙ্গে প্রবাসীদের জন্য অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন প্রকল্প চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
শুক্রবার সিলেটের ‘গ্র্যান্ড সিলেট’-এ অনুষ্ঠিত “গ্লোবালাইজিং সিলেট” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেটের উন্নয়ন ও বিশ্বায়নে প্রবাসীদের রেমিট্যান্স এবং বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের বিনিয়োগ আরও নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে।
তিনি বলেন, দেশে জমির পরিমাণ কমে যাওয়ায় ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের পরিবর্তে অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব আবাসনে বিভিন্ন নাগরিক সুবিধা থাকবে এবং শুধুমাত্র প্রবাসীরাই বরাদ্দ পাবেন। এ প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে বলেও জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ প্রয়োজন। এতে তারা দেশে বিনিয়োগে আগ্রহী হবে এবং পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় সুবিধাসহ একটি মেডিকেল ইউনিট চালুর কাজ চলছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্সও রাখা হবে।
তিনি আরও জানান, বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও সরকার চালু করেছে।
সেমিনারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
