জাপানে পড়াশোনা ও চাকরির পথে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা ও সংস্কৃতি শেখার নতুন সুযোগ তৈরি হতে যাচ্ছে। এ লক্ষ্যে জাপানি প্রতিনিধিদল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জাপানের একটি প্রতিনিধি দল এই আগ্রহের কথা জানায়। তারা জাপানি মাতৃভাষাভাষী শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের নিবিড় প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব তুলে ধরে। এর ফলে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে আগ্রহীদের জন্য ভাষাগত ও সাংস্কৃতিক দক্ষতা অর্জন সহজ হবে বলে মনে করা হচ্ছে।

প্রতিমন্ত্রী প্রস্তাবটি স্বাগত জানিয়ে বলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীনে দেশের বিভিন্ন স্থানে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যা এই উদ্যোগ বাস্তবায়নে ব্যবহার করা যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রস্তাবিত বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট জাপানি কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, যুগ্মসচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • চাকরি
  • জাপান
  • পড়াশোনা
  • বাংলাদেশ-জাপান