মধ্যপ্রাচ্য সংকটে এ পর্যন্ত বাতিলকৃত ফ্লাইট ২১০টি

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ মাস আগে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ (০০০০ LT পরবর্তী সময়) পর্যন্ত মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং অনেক যাত্রীকে তাদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে।

দিনভিত্তিক বাতিল ফ্লাইটের সংখ্যা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

অন্যদিকে, ৫ মার্চ (০০০০ LT পরবর্তী সময়) বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • মধ্যপ্রাচ্য