২০২৬ হজে টিকা গ্রহণের আগে স্বাস্থ্য পরীক্ষা আবশ্যক

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ মাস আগে

২০২৬ সালের হজে অংশগ্রহণকারী সব হজযাত্রীকে টিকা গ্রহণের আগে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত সব স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। স্বাস্থ্য সনদ গ্রহণের পরই হজযাত্রীদের টিকা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাধ্যতামূলক পরীক্ষার মধ্যে রয়েছে— ইউরিন পরীক্ষা (Urine R/M/E), রক্তে শর্করা পরীক্ষা (Random Blood Sugar), বুকের এক্স-রে (Chest X-ray P/A view), ইসিজি (ECG), সিরাম ক্রিয়েটিনিন, সিবিসি ও ইএসআর (CBC with ESR) এবং রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং।

এ ছাড়া, প্রয়োজন অনুযায়ী হৃদ্‌রোগ, কিডনি, লিভার কিংবা ফুসফুসজনিত সমস্যার ক্ষেত্রে অতিরিক্ত পরীক্ষা করাতে হবে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে ইকোকার্ডিওগ্রাফি, কিডনি সমস্যায় কিইউবি আল্ট্রাসনোগ্রাম (USG of KUB), সন্দেহজনক লিভার সিরোসিসে হোল অ্যাবডোমেন আল্ট্রাসনোগ্রাম ও আপার জিআইটি এন্ডোস্কপি, এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে স্পুটাম পরীক্ষা (AFB), বুকের সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় রক্ত পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রের মেডিকেল টিমের কাছে জমা দিতে হবে।

হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

  • #Hajj2026 #checkin #ministryofreligiousaffairs #vaccination #healthcheckup #hajjflight #hazi