ঢাকা-করাচি ফ্লাইট চালাতে ভারতের আকাশসীমা ব্যবহারে কোন বাধা নেই

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ মাস আগে

দীর্ঘ বিরতির পর ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট  আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ভারতের আকাশসীমা ব্যবহারে অনুমতির বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী বাংলাদেশের আবেদনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর ফলে ঢাকা–করাচি রুটে ফ্লাইট চালু হওয়া এখন সময়ের ব্যাপার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার বোয়িং উড়োজাহাজে এই ফ্লাইট চলবে। ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি মিললে ফ্লাইটের সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে।

বিমানের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে করাচি পৌঁছাবে রাত ১১টায়। ফিরতি পথে করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি পারিবারিক প্রয়োজনে নিয়মিত যাতায়াতকারীদের দীর্ঘদিনের ভোগান্তিও কমবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আধুনিক উড়োজাহাজ ও অভিজ্ঞ ক্রুদের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা হবে। যাত্রীদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে এই রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

  • ঢাকা-করাচি ফ্লাইট
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স