দেশের একমাত্র পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে ফ্লাইট সেফটি বিভাগের ফায়ার সেকশনের উদ্যোগে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০.০০ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রধান কার্যালয় বলাকা ভবনে এই মহড়া অনুষ্ঠিত হয়।
ফ্লাইট সেফটি বিভাগের ফায়ার সেকশনের উদ্যোগে এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহায়তায় অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ, উদ্ধার কার্যক্রম ও জরুরি বহির্গমন বিষয়ক এই মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়।
এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোঃ সাফিকুর রহমানসহ বলাকা ভবনে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
মহড়ায় বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জনাব নাহিদ মাহমুদের নেতৃত্বে ১৬ সদস্যের একটি বিশেষজ্ঞ দল মহড়াটি পরিচালনা করে।
মহড়াকালে অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ ও নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম, জরুরি বহির্গমন পদ্ধতি এবং প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অংশগ্রহণকারীদেরকে বাস্তবভিত্তিক ধারণা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
