কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সরকার। রবিবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যুগ্মসচিব আহমেদ জামিলের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ১৯৮৪ সালের সিভিল অ্যাভিয়েশন রুলস-এর রুল ১৬-এর সাব-রুল (১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ ঘোষণার মধ্য দিয়ে দেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা দাঁড়ালো চারটি।
এর আগে দেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ছিল —রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি হিসেবে দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর কাছে ফ্লাইট পরিচালনার জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সালের মেয়াদে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হয়। পরে ২০১৫ সালে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার নতুন ধাপ যুক্ত হয়।
২০২১ সালে বিমানবন্দরটিকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন নির্মাণ এবং বিমানবন্দরটিকে ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে বিমানবন্দরের রানওয়ে ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুটে উন্নীত করা হয়েছে।
