জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) আওতাধীন সব হোটেল-মোটেল ও অন্যান্য সেবায় ৩৬ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা পর্যটন করপোরেশনের আওতাধীন সব হোটেল-মোটেলসহ বিভিন্ন সেবায় ৩৬ শতাংশ ছাড় পাবেন।
তিনি বলেন, জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পর্যটন করপোরেশন কাজ করবে। তাদের ভ্রমণ ও পর্যটনসেবা গ্রহণে যাতে বাড়তি সুবিধা পাওয়া যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জুলাইযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জুলাইয়ের স্মৃতিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে শহীদ ও আহতদের পরিবার এবং জুলাইযোদ্ধাদের জন্য বাস্তব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের ভবিষ্যৎ এবং জীবনযাপনের বিষয়টি রাষ্ট্রকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। জুলাইযোদ্ধাদের জন্য কর্মসংস্থানসহ বিভিন্ন সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
পর্যটন করপোরেশনের পক্ষ থেকে দেওয়া ৩৬ শতাংশ ছাড়ের ফলে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বিপিসির আওতাধীন হোটেল-মোটেলসহ বিভিন্ন পর্যটনসেবা তুলনামূলক কম খরচে গ্রহণের সুযোগ পাবেন।
