শেষ হলো বিমানের প্রি-হজ ফ্লাইট, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ ঘন্টা আগে

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সফলভাবে প্রি-হজ কার্যক্রম ২০২৬ সম্পন্ন করেছে। বুধবার (২১ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজি-৩৩৫ ফ্লাইটের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

চলতি বছরের হজ কার্যক্রমে তারা মোট ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করেছে। এসব ফ্লাইটে ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সৌদি আরবে পৌঁছে দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এছাড়া ঢাকায় সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য যাত্রীসেবা কার্যক্রমও দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে বিমান।

সংস্থাটি আরও জানায়, এসিআই লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় হজযাত্রীদের মধ্যে বিশেষ ‘হজ্ব কেয়ার প্যাক’ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৮ এপ্রিল ‘হজ ফ্লাইট-২০২৬’ উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংস্থাটির সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংস্থাটি।

উল্লেখ্য, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে যা চলবে ৩০ জুন পর্যন্ত।

  • travel based first digital media
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • হজ