মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি ও শারজাহ–এর এয়ারফিল্ড অদ্যাবধি বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ। আজ (২ মার্চ) সকালের মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইনস–এর একটি ডিপার্চার ও একটি এরাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়া–এর একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।
অন্যদিকে, সালাম এয়ার–এর মাস্কাট থেকে আসা ফ্লাইট OV-401 আজ সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। পরে একই বিমান OV-402 ফ্লাইট হিসেবে সকাল ৯টা ৩০ মিনিটে যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অদ্যাবধি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বমোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
