২০২৭ সালের মধ্যে লিজে ১০ উড়োজাহাজ যুক্ত করবে বিমান

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ দিন আগে

বহর সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৭ সালের মধ্যে লিজে সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে এয়ারবাস থেকে আরও ১০টি নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা চলছে। তবে তাৎক্ষণিক চাহিদা মেটাতে নতুন উড়োজাহাজ লিজ নেওয়ার দিকেই গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সূত্র জানায়, বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী নতুন ১০টি উড়োজাহাজ যুক্ত হলে বহরের সংখ্যা বেড়ে হবে ২৯টি, যা বর্তমান বহরের তুলনায় প্রায় ৫২.৬ শতাংশ বেশি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, লিজে উড়োজাহাজ যুক্ত করার এই পরিকল্পনার সঙ্গে বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার পূর্বঘোষিত চুক্তির সরাসরি সম্পর্ক নেই। ওই উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ পাওয়ার কথা রয়েছে। বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে বোয়িং ও এয়ারবাস—উভয় প্রতিষ্ঠানের নতুন উড়োজাহাজ ২০৩০ সালের আগে পাওয়া কঠিন হওয়ায় মধ্যবর্তী সময়ের প্রয়োজন মেটাতে লিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রাথমিকভাবে চারটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা থাকলেও পরিচালনাগত চাহিদা ও নতুন আন্তর্জাতিক রুট চালুর ওপর ভিত্তি করে এ সংখ্যা সর্বোচ্চ ১০টিতে উন্নীত করা হতে পারে।

তিনি আরও বলেন, লিজ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এ পর্যন্ত প্রায় ৪০টি আবেদন জমা পড়েছে এবং যাচাই-বাছাই শেষে একটি প্রতিষ্ঠানকে পুরো প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হবে।

এরই মধ্যে ছয় বছরের জন্য ড্রাই লিজে তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সংগ্রহে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বিমান। এসব উড়োজাহাজ ২০২৭ সালের জানুয়ারির মধ্যে বহরে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চুক্তির আওতায় ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ সংগ্রহ করা হবে।

এদিকে বোয়িংয়ের সঙ্গে চুক্তির পর এয়ারবাসও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১০টি উড়োজাহাজ সরবরাহের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে ৬টি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ৪টি এ৩২১-নিও ন্যারোবডি উড়োজাহাজ। প্রস্তাবটি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

  • Biman Bangladesh Airlines
  • উড়োজাহাজ
  • বিদেশযাত্রা
  • বিমান
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • সর্বশেষ