আন্তর্জাতিক ফ্লাইটে ঈদের উপহার ও বিশেষ খাবার দেবে বিমান

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

ঈদুল আযহা উপলক্ষে বিমানের বিশেষ উদ্যোগ: আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবার

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঈদুল আযহা উপলক্ষে আন্তর্জাতিক সকল বহির্গমন ফ্লাইটে যাত্রীদের জন্য বিশেষ উপহার সামগ্রী ও উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নিয়েছে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসেবার মান উন্নয়ন এবং যাত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ঈদের দিন যাত্রীদের মধ্যে বিতরণের জন্য উপহার সামগ্রী প্রস্তুত করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৪ মে) বিমান বলাকা ভবনে উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ মহাব্যবস্থাপক (বিক্রয় ও সিসি)-এর নিকট আনুষ্ঠানিকভাবে এসব উপহার হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক (গ্রাহক সেবা) বদরুল হাসান লিটনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের দিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে। পাশাপাশি ঈদের দিন দায়িত্ব পালনরত সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কর্মক্ষেত্রেও উৎসবের আনন্দ ভাগাভাগি করা যায়।

  • Biman Bangladesh Airlines
  • ঈদ উপহার
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • সর্বশেষ