ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (বিসিএএসপিএস)- এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এদিন বিসিএএসপিএস-এর ওয়েবসাইট (www.bcasps.org)-এরও উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কার্যকরভাবে আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার মূল ভিত্তি। এই পরিবর্তনশীল কৌশলগত পরিবেশে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ সুরক্ষার জন্য বিমান ও মহাকাশ—উভয় ক্ষেত্রেই সুস্পষ্ট ধারণা তৈরি করা অত্যাবশ্যক।
বাংলাদেশের জাতীয় স্বার্থের সহায়তায় এবং বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিমান ও মহাকাশ শক্তি বিষয়ে জাতীয় সচেতনতা গড়ে তোলা এবং নীতিনির্ধারণে পরামর্শ প্রদানকারী একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া বিসিএএসপিএস -এর ভিশন হিসেবে তুলে ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব এনাম খান ‘মডার্নাইজিং এয়ারপাওয়ার ইন আ চেঞ্জিং ইন্দো-প্যাসিফিক: স্ট্র্যাটেজিক র্যাশনাল, টেকনোলজিক্যাল শিফটস, অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি ইমপ্লিকেশনস ফর বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, এএইউবি-এর ভাইস চ্যান্সেলর, এফএসডিএস ও ওসিপিএএসএস এর চেয়ারম্যান, বিআইএমআরএডি এর ডিজি, একাডেমিসিয়ান এবং গবেষকরা, বিসিএএসপিএস এর গভার্নিং বডির সদস্যরাসহ আমন্ত্রিত ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
