সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা সংকটের কারণে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, গতকাল (২৮ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত মোট ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৬টি, এয়ার অ্যারাবিয়া ৩টি, এবং এমিরেটস, ফ্লাইদুবাই, গালফ এয়ারের ১টি করে ফ্লাইট।
আজ রবিবার (১ মার্চ) সারা দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৪০টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি, এমিরেটস-এর ৫টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, ফ্লাইদুবাই-এর ৪টি এবং জাজিরা এয়ারওয়েজ, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার ও কুয়েত এয়ারওয়েজের ২টি করে বাতিল করা হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত সোমবারের (২ মার্চ) ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে এমিরেটসের ৫টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং গালফ এয়ারের ২টি ফ্লাইট রয়েছে।
এখন পর্যন্ত সব মিলিয়ে তিন দিনে মিলিয়ে (২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত) মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
