বোয়িংয়ের সঙ্গে আরও ১১ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি করছে বিমান

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১১ ঘন্টা আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে যুক্ত হচ্ছে আরও ১১টি উড়োজাহাজ। এ বিষয়ে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে বুধবার একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এর মধ্য দিয়ে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫টিতে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, নিউইয়র্ক সময় বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (ইউএনজিএ) সাইডলাইনে এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী চুক্তি স্বাক্ষর হবে বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী আক্তার হোসেন স্বাক্ষর করবেন। এ সময় উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

চুক্তি স্বাক্ষরের পর বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

নতুন ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়ন কাঠামো ও সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করে বিমান। ওই চুক্তির আওতায় রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ। সেগুলো যুক্ত হলে বুধবারের নতুন চুক্তির মাধ্যমে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়াবে ২৫টিতে।

বোয়িংয়ের পাশাপাশি ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের কাছ থেকেও ১০টি উড়োজাহাজ কেনার প্রস্তাব নিয়ে এগোচ্ছে বিমান। এর মধ্যে চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ রয়েছে।

ফলে বোয়িং ও এয়ারবাসের প্রস্তাবিত দুটি ক্রয়চুক্তি বাস্তবায়িত হলে বিমানের ভবিষ্যৎ বহরে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ।

বিমানের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের উদ্যোগে মার্কিন বোয়িং ও ইউরোপীয় এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতাও গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে দুই নির্মাতার কাছ থেকেই উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগ নেওয়ায় ভবিষ্যতে বিমানের বহর আরও বড় ও বৈচিত্র্যময় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে করা ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তিটি বিমানের ইতিহাসে সবচেয়ে বড় উড়োজাহাজ ক্রয়চুক্তি। ওই চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। চুক্তির আওতায় উড়োজাহাজগুলোর সরবরাহ ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে হওয়ার কথা রয়েছে।

  • travel based first digital media
  • চুক্তি
  • নতুন উড়োজাহাজ
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • বোয়িং
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া