পবিত্র হজ শুরুর আর মাত্র দুই মাস বাকি। এ সময় নিরাপত্তা বজায় রাখা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সৌদি আরব একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। হজ মৌসুমে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মোট ১৩টি দেশের নাগরিকদের জন্য ওমরাহ, ব্যবসায়িক ও পারিবারিক ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংবাদমাধ্যম জিও নিউজ একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকতে পারে। তবে ১৩ এপ্রিল পর্যন্ত যাঁদের কাছে ওমরাহ ভিসা রয়েছে, তাঁরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।
যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে সৌদি আরবে প্রবেশ এবং অবস্থান করে, তবে ওই ব্যক্তির ওপর পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
সৌদি সরকার ইতোমধ্যেই পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছে। পাশাপাশি, পাকিস্তানের ওমরাহ ভিসাধারীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার আহ্বান করা হয়েছে।
