সিলেটের ওসমানী বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালু হচ্ছে

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

কার্গো রপ্তানির জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদের। তাদের কথা মাথায় রেখে এবং শুল্ক আয় বাড়ানোর লক্ষ্যে এবার সিলেট ওসমানী বিমানবন্দর ব্যাবহার করে কার্গো রপ্তানির প্রস্তুতি সম্পন্ন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সরাসরি ইউরোপে পণ্য পরিবহনের জন্য এখানে কার্গো ফ্লাইট চালু করা হবে। কিন্তু এখন পর্যন্ত এই বিমানবন্দর দিয়ে রপ্তানি শুরু করা সম্ভব হয়নি । ব্যবসায়ীরা এই বিষয়টি জানেন না বলে সংশ্লিষ্টরা বলছেন।

গত সপ্তাহে ওসমানী বিমানবন্দর থেকে রপ্তানি কার্গো চালুর বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, সিলেট জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন। সভায় কার্গো রপ্তানি করার জন্য দুটি এক্সপ্লোসিভ ডিটেকশন মেশিন নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ মোতায়েন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া, অচল একটি এক্সরে মেশিন দ্রুত সচল করা, সিকিউরিটি ও প্রশিক্ষণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা বলা হয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কার্গো রপ্তানি করতে বিভিন্ন প্রতিবন্ধকতা পেতে হচ্ছে। যার কারনে আর্থিক ক্ষতি হচ্ছে তাদের। বেশি টাকা দিয়েও সময়মতো রপ্তানি করা যাচ্ছে না। শাহজালালে পর্যাপ্ত সুবিধা না পাওয়ায় দেশে ৮টি কার্গো এয়ারলাইন্সের কার্যক্রম থাকলেও রপ্তানিকারকরা কার্গোর বড় একটি অংশ সড়কপথে ভারতের বিমানবন্দরগুলোয় পাঠান প্রসেসিং ও শিপমেন্টের জন্য। অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে কার্গো রপ্তানি ফিও বেশি। তারা ফি কমানোর দাবি জানান।

  • ওসমানী বিমানবন্দর
  • বিমানবন্দর