আইকাওর বিশ্ব সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৬ ঘন্টা আগে

কানাডার মন্ট্রিলে শুরু হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন। সোমবার স্থানীয় সময় সকালে আইকাওর সদর দপ্তরে পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন।

‘এয়ার ট্রান্সপোর্ট: পাওয়ারিং গ্লোবাল কানেক্টিভিটি, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ইন আ ডায়নামিক ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে আন্তর্জাতিক বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ, বৈশ্বিক যোগাযোগ সম্প্রসারণ, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবর্তনশীল পরিস্থিতিতে এ খাতের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হচ্ছে। এতে আইকাওর ১৯৩টি সদস্যরাষ্ট্রের নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

২০১৩ সালে ষষ্ঠ বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের ১৩ বছর পর এবার সপ্তমবারের মতো এ সম্মেলনের আয়োজন করছে আইকাও। উদ্বোধনী দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল ২০৫০ সাল পর্যন্ত বৈশ্বিক বিমান পরিবহন শিল্পের অবস্থা, পরিবর্তন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা। এতে যাত্রীসেবা, শিল্পের সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপসহ আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ার নেভিগেশন ও এয়ারলাইনস খাতের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলো নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে।

সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনার কারণে বিমান পরিবহন খাতের উন্নয়ন জাতীয় অগ্রাধিকারের অংশ। বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন উড়োজাহাজ সংগ্রহ এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে দেশের আকাশপথের যোগাযোগ আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

সম্প্রতি বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থায় অগ্রগতি আন্তর্জাতিকভাবে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। আইকাওর এভিয়েশন সিকিউরিটি অডিটেও বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির বিষয়টি উঠে এসেছে। এ অর্জন কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল খাতে বাংলাদেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াতে চায় সরকার।

এদিকে সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের পাশাপাশি আগামী ১৯ ও ২০ নভেম্বর আইকাওর সদর দপ্তরে সংস্থাটির ৪৩তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে আইকাও কাউন্সিলের সদস্যসংখ্যা ৩৬ থেকে বাড়িয়ে ৪০ করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন চারটি সদস্যরাষ্ট্র নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে। সম্মেলনের সমাপনী পর্যায়ে সদস্যরাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্র গ্রহণেরও কথা রয়েছে।

  • travel based first digital media
  • আইকাও
  • বিমানমন্ত্রী
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া