বাংলাদেশিসহ ৭২১ বিদেশিকে ফেরত পাঠাল কম্বোডিয়া

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ ঘন্টা আগে

অবৈধ অভিবাসন ও আন্তঃদেশীয় অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে কম্বোডিয়া সরকার। এরই অংশ হিসেবে মাত্র ১০ দিনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। বহিষ্কৃতদের মধ্যে ৯৫ জন নারী রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কম্বোডিয়ার সংবাদমাধ্যম খেমার টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখার নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় অভিবাসন বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সোক ভেসনার তত্ত্বাবধানে সংশ্লিষ্ট বিভাগ বহিষ্কারের কার্যক্রম সম্পন্ন করে।

বহিষ্কৃত বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নাইজেরিয়া, পাকিস্তান, ক্যামেরুন, জাপান, ঘানা, তাইওয়ান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উগান্ডা, ভারত, মিয়ানমার, ফ্রান্স, লাইবেরিয়া, সুইজারল্যান্ড, উজবেকিস্তান ও যুক্তরাষ্ট্রের নাগরিক।

প্রতিবেদন অনুযায়ী, অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ৯০ জন চীনা নাগরিককে বিশেষ বিমানে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই অভিযোগে ৩৫৫ জন ইন্দোনেশীয় নাগরিককে টেকো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বহিষ্কার করা হয়।

এ ছাড়া অন্যদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, জাল নথি ব্যবহার, পাসপোর্ট ছাড়া অবস্থান, অপহরণ, চাঁদাবাজি, ভুয়া ভিসা ও কিউআর কোড ব্যবহার, মাদক কারবার এবং অনুমতি ছাড়া কাজ করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সীমান্ত তল্লাশিচৌকি ও অন্যান্য পথ ব্যবহার করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত জানিয়েছেন, দেশটিকে অপরাধ ও অনলাইন প্রতারণার নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হতে দেওয়া হবে না। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ছাড় না দিয়ে ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছেন তিনি।

কম্বোডিয়া সরকারের এ অভিযানকে অবৈধ অভিবাসন ও সংঘবদ্ধ অপরাধ দমনে দেশটির কঠোর অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ