টার্কিশ এয়ারলাইনসের সেবা প্রচারে গলফহাউসের সঙ্গে চুক্তি

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৮ ঘন্টা আগে

প্রচার ও করপোরেট সেবায় সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে টার্কিশ এয়ারলাইনস ও গলফহাউস। সোমবার (১২ অক্টোবর) ঢাকায় গলফহাউসের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা অনুযায়ী, বিভিন্ন প্রচারমূলক উদ্যোগের মাধ্যমে টার্কিশ এয়ারলাইনসের সেবা তুলে ধরবে গলফহাউস। পাশাপাশি নিজেদের গ্রাহক ও ব্যবসায়িক যোগাযোগের পরিসরে বিমান সংস্থাটির সেবা সম্পর্কে তথ্য প্রচার করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে গলফহাউসের পাঠক, গ্রাহক ও অংশীদারদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে টার্কিশ এয়ারলাইনস।

অনুষ্ঠানে টার্কিশ এয়ারলাইনসের ঢাকা কার্যালয়ের মহাব্যবস্থাপক ইসলাম গুরে ও মার্কেটিং অফিসার (ইন্টারন্যাশনাল) এয়াজ কাদরি উপস্থিত ছিলেন। গলফহাউস ও সাফথহাউস হোল্ডিংস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম এম নজরুল হোসেন এবং পরিচালক (অপারেশনস) কে এম বদিউজ্জামান। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৯৩৩ সালে প্রতিষ্ঠিত টার্কিশ এয়ারলাইনস ১৩০টির বেশি দেশের ৩৫০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। ইস্তাম্বুলকে কেন্দ্র করে সংস্থাটি ঢাকা ও ইস্তাম্বুলের মধ্যে প্রতিদিন ফ্লাইট পরিচালনার পাশাপাশি বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সংযোগ দিচ্ছে।

গলফের প্রসারেও কাজ করছে টার্কিশ এয়ারলাইনস। প্রতিবছর সংস্থাটি ‘টার্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপ’ নামে একটি অপেশাদার গলফ টুর্নামেন্ট আয়োজন করে। অন্যদিকে, গলফহাউস বাংলাদেশের একটি গলফভিত্তিক গণমাধ্যম ও ব্যবসায়িক প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির প্রকাশনা ‘দ্য গলফ হাউস’ ২০১৫ সালে যাত্রা শুরু করে। গলফবিষয়ক সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন আয়োজনের মাধ্যমে গলফার, করপোরেট ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট খাতের অংশীজনদের মধ্যে যোগাযোগ বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

  • travel based first digital media
  • গলফহাউস
  • টার্কিশ এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া