বোয়িং কেনায় অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ পড়বে না: তথ্য উপদেষ্টা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে কেনাকাটার ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই ব্যাখ্যা দেন।

বোয়িং থেকে এতগুলো উড়োজাহাজ কিনলে অর্থনীতিতে সেটির চাপ পড়ার শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার খুবই খারাপ অর্থনীতি হাতে পেয়েছে। তবে বোয়িংগুলোর মূল্য পরিশোধ এখন থেকে ধাপে ধাপে অনেক দিন পর্যন্ত হতে থাকবে এবং এই বোয়িংগুলো হাতে পাওয়াও দীর্ঘ সময়ের ব্যাপার।

তিনি আরও জানান, নতুন বোয়িংয়ের অর্ডারের কোনো তাৎক্ষণিক প্রভাব নেই। খুব অল্প সময়ের মধ্যে অনেক টাকা দিয়ে দেওয়ার বিষয় এটি নয়। সংকট থাকলেও রাষ্ট্র তার প্রয়োজন অনুযায়ী চলবে এবং প্রয়োজন মেটাবে।

এর আগে, গত ৩১ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনছে এবং আরও উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফ্রান্সের কোম্পানি এয়ারবাসের উড়োজাহাজও কেনা হবে।

  • বিমান
  • বিমান-বোয়িং চুক্তি
  • বোয়িং
  • সর্বশেষ