আগস্টের শেষ সপ্তাহেই বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১০ ঘন্টা আগে

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার চলতি আগস্টের শেষ সপ্তাহের মধ্যেই আবারও সম্পূর্ণভাবে উন্মুক্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, মালয়েশিয়া সরকারের সঙ্গে ধারাবাহিক ও ইতিবাচক আলোচনার ফলে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

রোববার (২ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, আগস্টের শেষ সপ্তাহের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুরোপুরি চালু হবে, যা দেশের সম্ভাব্য অভিবাসী কর্মীদের জন্য বড় সুখবর।

তিনি আরও বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গীকার অনুযায়ী গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম) বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনিয়মিত অভিবাসনের কারণে অনেক কর্মী দালালচক্রের প্রতারণার শিকার হচ্ছেন এবং ঋণের বোঝা বহন করতে হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় অভিবাসন ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শামা ওবায়েদ বলেন, বিশ্ব শ্রমবাজারে দ্রুত পরিবর্তন আসছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অটোমেশন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ায় দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মীদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

তিনি জানান, প্রবাসীদের সেবা সহজ ও কার্যকর করতে বিদেশে বাংলাদেশ মিশনগুলোর কনস্যুলার সেবা আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনা ও প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক ‘মাইগ্রেশন অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স উইং’ চালু করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, উপদেষ্টা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তাসহ দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

  • চাকরি
  • মালয়েশিয়া
  • মালয়েশিয়ায় কর্মসংস্থান
  • শ্রম বাজার
  • সর্বশেষ