ইতালির সঙ্গে বিমান যোগাযোগ ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৮ ঘন্টা আগে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত জানান, ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মী গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ জন্য তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় মন্ত্রী ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ঢাকা–রোম রুটে বিমান চলাচলের সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জবাবে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে ইতালির একটি প্রতিষ্ঠান বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য পাখি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা পদ্ধতি উন্নয়নে আগ্রহ প্রকাশ করে। এছাড়া বাংলাদেশি বিমান প্রযুক্তিবিদদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার আগ্রহের কথাও জানানো হয়।

মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

এর আগে একই দিনে মন্ত্রী সিঙ্গাপুরভিত্তিক একটি বিমানসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিষ্ঠানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ভূমি-সেবাদান কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করে। এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন।

বৈঠকগুলোতে বিমান যোগাযোগ সম্প্রসারণ, দক্ষ জনবল উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ত্বরান্বিত করার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

  • ইতালি
  • এভিয়েশন
  • কর্মসংস্থান
  • বিনিয়োগ
  • সর্বশেষ