পর্যটকদের নিরাপত্তায় সাদাপাথরের সীমান্তঘেঁষা পথ বন্ধ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৮ ঘন্টা আগে

সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে ভ্রমণকারীদের নিরাপত্তার স্বার্থে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করতে নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ছাড়া কালাইরাগ হয়ে সীমান্তসংলগ্ন সড়ক দিয়ে সাদাপাথরে প্রবেশ ও যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার (৪ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালাইরাগ এলাকায় একটি সাইনবোর্ড স্থাপন করে পর্যটকদের ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

সাইনবোর্ডে বলা হয়েছে,“সাদাপাথর পর্যটন স্পটে যাতায়াতের জন্য ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করুন। কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্য দিয়ে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

এদিকে নৌকা ঘাটের ইজারাদাররা এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারা জানান, ১৪৩৩ বাংলা সনের ইজারার শর্ত অনুযায়ী সাদাপাথর ঘাট সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসনও অবগত রয়েছে বলে তারা উল্লেখ করেন।

সম্প্রতি দেখা গেছে, অনেক পর্যটক কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে সাদাপাথরে প্রবেশ করছেন। এই পথে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণে প্রাণহানির পাশাপাশি মানবপাচার চক্রের কবলে পড়ার ঝুঁকিও রয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কালাইরাগ এলাকার ওই পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকল্প বা সীমান্তঘেঁষা কোনো পথ ব্যবহার না করে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট দিয়ে সাদাপাথর পর্যটন স্পটে যাতায়াত করার অনুরোধ জানিয়েছেন ইজারাদাররা।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • সাদাপাথর
  • সিলেট