যাত্রী অভিজ্ঞতা উন্নয়নে উদ্ভাবনী পদক্ষেপ ইউএস-বাংলা এয়ারলাইন্সের

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও উষ্ণ, স্বস্তিদায়ক ও স্মরণীয় করে তুলতে নতুন অনবোর্ডিং মিউজিক চালু করেছে usbair.com। উড়োজাহাজে প্রবেশের মুহূর্ত থেকেই যাত্রীদের জন্য একটি শান্ত ও আনন্দদায়ক পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই মিউজিকটি তৈরি করেছেন পলাশ নূর। ২২টি বাদ্যযন্ত্রের সমন্বয়ে নির্মিত এই সুরে বাংলাদেশের নিজস্ব আবেগ ও সুরের ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক মানের সংগীতায়োজনের সমন্বয় ঘটানো হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মতে, নতুন অনবোর্ডিং মিউজিক শুধু বোর্ডিং প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় করে তুলবে না, বরং যাত্রীদের জন্য একটি স্বাগতপূর্ণ ও আরামদায়ক পরিবেশও নিশ্চিত করবে। এর মাধ্যমে বাংলাদেশের আতিথেয়তা, আন্তরিকতা এবং সাংস্কৃতিক আবহও ফুটে উঠবে।

প্রতিষ্ঠানটি জানায়, যাত্রাপথের প্রতিটি ধাপ বা টাচপয়েন্ট যাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এয়ারপোর্টে সেবা প্রদান থেকে শুরু করে বিমানের ভেতরের সুবিধা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে যাত্রীদের আরও সংযুক্ত, যত্নশীল ও আত্মবিশ্বাসী অভিজ্ঞতা দিতে কাজ করছে এয়ারলাইন্সটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তারা মনে করেন, নতুন অনবোর্ডিং মিউজিক চালু করা ব্র্যান্ডিং ও যাত্রীসেবা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠানটির আধুনিক, আবেগঘন ও যাত্রীকেন্দ্রিক ব্র্যান্ড পরিচয়কে আরও শক্তিশালী করবে।

  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • এয়ারলাইন্স
  • যাত্রীসেবা
  • সর্বশেষ