আন্তর্জাতিক মান নিশ্চিতে বেবিচকের তিনদিনব্যাপী কর্মশালা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। “Supplementary Station Procedure (SSP) প্রস্তুতি বিষয়ক” এই কর্মশালা ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত হয়।

বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য আয়োজিত এই কর্মশালার লক্ষ্য ছিল আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করা এবং এভিয়েশন সিকিউরিটি সংক্রান্ত নিয়ম-কানুন সম্পর্কে অপারেটরদের স্পষ্ট ধারণা প্রদান। এতে CAAB-এর প্রণীত ‘মডেল এসএসপি’-এর বিভিন্ন ধাপ বিস্তারিতভাবে তুলে ধরা হয়, যাতে এসএসপি জমা, পর্যালোচনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-পরিচালক (চিফ এভসেক ইন্সপেক্টর) ও ICAO অডিটর মোহাম্মদ আলমগীর। এছাড়া আলোচক হিসেবে অংশ নেন পরিচালক (এভসেক পলিসি অ্যান্ড সার্টিফিকেশন) ইফতেখার জাহান হোসেন, সিনিয়র কনসালটেন্ট গ্রুপ ক্যাপ্টেন (অব.) খান শাহীনুল বারি এবং নিরাপত্তা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।

কর্মশালায় বাংলাদেশে পরিচালনাকারী ৩৬টি বিদেশি এয়ারলাইন্সের ৬৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা প্রোগ্রাম (NCASP) অনুযায়ী, দেশে কার্যক্রম পরিচালনাকারী সকল বিদেশি বিমান অপারেটরের জন্য প্রতিটি স্টেশনের জন্য লিখিত এসএসপি প্রণয়ন এবং বেবিচকের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। এ প্রক্রিয়াকে সহজ করতে বেবিচক একটি ‘মডেল এসএসপি’ তৈরি করেছে, যা অপারেটরদের জন্য কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এসএসপি প্রণয়ন বিদেশি এয়ারলাইন্সগুলোর অভ্যন্তরীণ মান নিয়ন্ত্রণ জোরদার করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অডিটে কমপ্লায়েন্স অর্জন সহজ করবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশে বিমান নিরাপত্তা বিষয়ক অডিট পরিচালনা করবে। ২০১৮ সালের সর্বশেষ অডিটের পর সংস্থাটির মানদণ্ড ও কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

আসন্ন এই অডিটকে দেশের এভিয়েশন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের বেসামরিক বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করবে।

  • travel based first digital media
  • কর্মশালা
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া