বিমানবন্দরে সেবার মান ও কার্গো ব্যবস্থাপনায় কঠোর অবস্থানে বিমানমন্ত্রী

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করে কার্গো ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। তিনি দ্রুত ও হয়রানিমুক্তভাবে পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে নিয়ম মেনে চলার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, নতুন সরকারের অধীনে কার্গো কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

পরিদর্শনের এক পর্যায়ে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্সে গিয়ে BG 202 ফ্লাইটের (বোয়িং 787-9) কারিগরি ত্রুটি পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের মেইনটেন্যান্স সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশ দেন। তিনি কেবিন ও ককপিটও ঘুরে দেখেন।

জানা গেছে, কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে ত্রুটির কারণে বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড ছিল এবং বর্তমানে সেটি সচল করতে প্রয়োজনীয় কাজ চলমান রয়েছে।

পরিদর্শনের সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • কার্গো
  • বিদেশযাত্রা
  • বিমানবন্দর
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর