মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্রতর হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবারও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) সারাদিনে মোট ৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্য থেকে আগত ২টি অ্যারাইভাল ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট। এছাড়া এয়ার অ্যারাবিয়া-এর ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, এয়ার অ্যারাবিয়ার চট্টগ্রাম থেকে শারজাহগামী একটি ফ্লাইট (G9-527) প্রযুক্তিগত ত্রুটির কারণেও বাতিল করা হয়েছে।
তবে সব ফ্লাইট বন্ধ হয়ে যায়নি। বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত ৪টি অ্যারাইভাল এবং ৫টি ডিপার্চার ফ্লাইট আজ চালু ছিল। তা সত্ত্বেও সালাম এয়ার, এয়ার অ্যাঁরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোতে স্থবিরতা এখনও কাটেনি।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আজকের ৮টি ফ্লাইটসহ মোট ১৯৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
