থাইল্যান্ডে পর্যটকদের ভিসা ছাড়া থাকার মেয়াদ কমছে

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের জন্য ভিসামুক্ত অবস্থানের মেয়াদ ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করার প্রস্তাব আনতে যাচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমান ভিসাব্যবস্থার অপব্যবহার রোধ এবং নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট। তবে প্রকৃত পর্যটকদের প্রয়োজনে অতিরিক্ত আরও ৩০ দিন থাকার সুযোগ রাখা হবে।

​সম্প্রতি থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও ফুকেট শহর সফর করেন। সে সময় স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদি ভিসার বিভিন্ন নেতিবাচক দিক তার কাছে তুলে ধরেন। তারা জানান, ৬০ দিনের ভিসায় এসে অনেক বিদেশি নাগরিক স্থানীয়দের জন্য সংরক্ষিত খাতে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন এবং ভুয়া মালিকানা দেখিয়ে সম্পত্তি কিনছেন। এছাড়া, অনলাইনে প্রতারণার দায়ে গ্রেপ্তার হওয়া অনেক অপরাধীও পর্যটক ভিসায় থাইল্যান্ডে প্রবেশ করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।

​পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক জানান, সাবেক প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সরকারের আমলে পর্যটন খাতকে চাঙা করতে এই ৬০ দিনের ভিসামুক্ত সুবিধা চালু করা হয়েছিল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসানীতি তদারকি কমিটির মতে, বর্তমান সময়সীমা একজন সাধারণ পর্যটকের প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাস্তবে অধিকাংশ প্রকৃত পর্যটকের জন্য ৩০ দিনই যথেষ্ট।

​পররাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করে বলেছেন, এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট দেশ বা তাদের নাগরিকদের লক্ষ্য করে নেওয়া হচ্ছে না; এর মূল উদ্দেশ্য হলো অনলাইন প্রতারণা ও অন্যান্য অপব্যবহার রোধ করা। বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা এই দীর্ঘ ভিসামুক্ত সুবিধা কাজে লাগিয়ে থাইল্যান্ডে প্রবেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতেও যাতায়াত করছে।

তিনি আরও জানান,থাইল্যান্ড বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ। তবে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে এবং পর্যটনের আড়ালে অবৈধ কার্যক্রম চালানোর সুযোগ তৈরি করে এমন ফাঁকফোকরগুলো বন্ধ করাও জরুরি বলে মনে করছে দেশটির সরকার।

  • থাই ভিসা