১০ মার্চ পর্যন্ত দুবাই–আবুধাবি রুটে বিমানের ফ্লাইট স্থগিত

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতির কারণে দুবাই ও আবুধাবিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম। তিনি জানান, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট আগামী ১০ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

এছাড়া দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বোসরা ইসলাম বলেন, দুবাই ও আবুধাবি রুটের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে এবং সংশ্লিষ্ট দেশের বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া সাপেক্ষে এই দুটি রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির যেকোনো পরিবর্তন বা হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমানের কলসেন্টারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। কলসেন্টারের নম্বর—অভ্যন্তরীণ: ১৩৬৩৬ এবং আন্তর্জাতিক: +৮৮০৯৬১০৯১৩৬৩৬।

  • দুবাই আবুধাবি
  • ফ্লাইট স্থগিত
  • বিমান
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স