মধ্যপ্রাচ্যে সংকটঃ ইউএস-বাংলার ফ্লাইটের শ্বাসরুদ্ধকর ৭২ ঘন্টা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ মাস আগে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থাজনিত আকাশপথের অস্থিতিশীলতা ও বিধিনিষেধের কারণে দুবাইয়ে প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় আটকা পড়েছিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুরা। পরে বিশেষ অনুমতিতে যাত্রীবিহীন ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট বিএস৩৪৪ দুবাইয়ে অবস্থানকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সীমিত হয়ে পড়ে। ফলে বোয়িং ৭৩৭ মডেলের ফ্লাইটটিতে ৩৯ জন পাইলট ও কেবিন ক্রু সেখানে অবস্থান করতে বাধ্য হন। পরিস্থিতি ছিল অত্যন্ত সংবেদনশীল।

দুবাই স্টেশন ও ঢাকার হেড অফিস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে একটি নিরাপদ করিডোর নিশ্চিত করার চেষ্টা চালায়। অবশেষে স্বল্প সময়ের জন্য বিশেষ অনুমতি মিললে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যাত্রীবিহীন ফ্লাইট বিএস৩৪৪ ৩৯ জন ক্রুকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাই থেকে ছেড়ে আসা এটি ছিল একমাত্র বাংলাদেশি ফ্লাইট বলে জানানো হয়।

ফ্লাইটটির নেতৃত্ব দেন ক্যাপ্টেন সামসুজ্জাহান ও ফার্স্ট অফিসার শাহাদাত। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে ভোর ২টা ৩৬ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করেন।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রী, পাইলট ও কেবিন ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অনিশ্চিত পরিস্থিতিতেও সমন্বয়, দক্ষতা ও দায়িত্ববোধের মাধ্যমে এ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

  • travel based first digital media
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মধ্যপ্রাচ্য সংকট