লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এ সুযোগ ১ জানুয়ারি থেকে আগামী ২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
রোববার (১১ জানুয়ারি) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় জানানো হয়, যেসব বাংলাদেশি প্রবাসী বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া মালদ্বীপে অবস্থান করছেন, তারা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে নিজেদের অবস্থান বৈধ করতে পারবেন। তবে এ সুবিধা একবারের বেশি গ্রহণ করা যাবে না।
হাইকমিশনের তথ্যমতে, বৈধ হওয়ার জন্য মোট ৮টি শর্ত মানতে হবে। শর্তগুলো হলো—
(১) আবেদনকারীকে আনডকুমেন্টেড কর্মী হতে হবে এবং তার বৈধ ওয়ার্ক পারমিট থাকতে পারবে না।
(২) কোনো অপরাধের কারণে আবেদনকারী ব্ল্যাকলিস্টেড হলে তিনি এই সুবিধা পাবেন না।
(৩) আবেদনকারীকে বর্তমানে মালদ্বীপে অবস্থানরত হতে হবে।
(৪) যে কোম্পানি বা নিয়োগকর্তার অধীনে পূর্বে ওয়ার্ক পারমিট ছিল, সেই একই প্রতিষ্ঠানের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ নেই।
(৫) লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় একবারই বৈধ হওয়ার সুযোগ পাওয়া যাবে।
(৬) ৩১ ডিসেম্বরের আগে যারা ‘মিসিং রিপোর্ট’ হয়েছেন, তারাও এ সুযোগের আওতায় আসবেন।
(৭) বর্তমান নিয়োগকর্তা বা কোম্পানিকে এক্সপ্যাট সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন দাখিল করতে হবে। এ বিষয়ে নিয়োগকর্তাদের জন্য শিগগিরই একটি ইউজার গাইডলাইন প্রকাশ করা হবে।
(৮) যারা ‘অপারেশন কুরাঙ্গী’-এর আওতায় বায়োমেট্রিক তথ্য দিয়েছেন এবং বর্তমানে কোনো নিয়োগকর্তা নেই, তারা হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে https://forms.office.com/r/b4CP5SLIAK
ফরম পূরণ করতে পারবেন। পরবর্তীতে মন্ত্রণালয় প্রয়োজনীয় জনবল থাকা বিভিন্ন নিয়োগকর্তার সঙ্গে আবেদনকারীদের তথ্য মিলিয়ে দেবে।
সংশ্লিষ্ট প্রবাসীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
