হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করার পর লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষার দিন শেষ করতে উদ্যোগ নিয়েছে সরকার। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীদের হাতে লাগেজ পৌঁছে দিতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত।
গত বুধবার সচিবালয়ে নতুন সরকারের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিমানবন্দর সেবার মানোন্নয়নে ইতোমধ্যেই সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রবাসী যাত্রীদের ভোগান্তি কমাতে লাগেজ হ্যান্ডলিং ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।
প্রতিমন্ত্রী জানান, শুধু নীতিগত ঘোষণা নয় দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করতেই কাজ করছে মন্ত্রণালয়। এ লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
টিকিটিং খাতে বিদ্যমান অরাজকতার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। প্রতিমন্ত্রী অভিযোগ করেন, সিন্ডিকেটের কারণে অনেক সময় আসন খালি রেখেই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, অথচ সাধারণ যাত্রীরা টিকিট পাচ্ছেন না। এই সিন্ডিকেট ভেঙে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সরকার কার্যকর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতির কথাও তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গত ১৫ বছরের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। যেখানে প্রমাণ মিলবে, সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পর্যটন খাতের উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে সরকার। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই বিমানবন্দরের সেবায় ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন যাত্রীরা। যাত্রীবান্ধব ও দুর্নীতিমুক্ত বিমানবন্দর ব্যবস্থা গড়ে তোলাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
