সাত বিভাগ থেকে ২৪ তরুণকে এভিয়েশন প্রশিক্ষণ দিল এভিয়েশন.কম.বিডি

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৬ ঘন্টা আগে

দেশের সাতটি প্রশাসনিক বিভাগ থেকে নির্বাচিত ২৪ জন তরুণ-তরুণীকে এভিয়েশন গ্রাউন্ড অপারেশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে এভিয়েশন.কম.বিডি। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত ‘উইংস ফর অল ৩.০’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে রাজধানীর বাইরের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের এভিয়েশন খাতে দক্ষতা অর্জনের প্রাথমিক সুযোগ তৈরি করা হয়েছে।

অনলাইনভিত্তিক এ প্রশিক্ষণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের মধ্যে ভোলা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, নীলফামারী, গাইবান্ধা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ ও নওগাঁসহ বিভিন্ন জেলার তরুণ-তরুণীরা রয়েছেন। অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা থাকায় অংশগ্রহণকারীদের ঢাকায় আসার প্রয়োজন হয়নি; নিজ নিজ অবস্থান থেকেই তাঁরা এতে অংশ নিতে পেরেছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, কর্মসূচিতে অংশ নিতে ১০০টির বেশি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের আর্থিক অবস্থা, ভৌগোলিক অবস্থান এবং এভিয়েশন খাতে কাজ করার আগ্রহ বিবেচনায় প্রাথমিকভাবে ৩১ জনকে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে ২৪ জন প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

প্রশিক্ষণে এভিয়েশন শিল্পের পরিচিতি, এয়ারলাইনস ও বিমানবন্দরের গ্রাউন্ড অপারেশন, যাত্রী ও ব্যাগেজ সেবা, এভিয়েশন নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের মৌলিক বিষয়গুলো শেখানো হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় এবং তাঁদের সনদ দেওয়া হয়েছে।

এ উদ্যোগ সম্পর্কে এভিয়েশন.কম.বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হারুনুর রশিদ বলেন, এভিয়েশন নিয়ে আগ্রহ ও মেধা শুধু রাজধানী বা বড় শহরগুলোতে সীমাবদ্ধ নয়। দেশের প্রত্যন্ত অঞ্চলেও অনেক তরুণ-তরুণী এ শিল্পে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন। তবে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও শেখার সুযোগের অভাবে তাঁদের অনেকেই পিছিয়ে থাকেন। অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে সেই দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, সাতটি বিভাগ থেকে ২৪ জন শিক্ষার্থীকে একসঙ্গে প্রশিক্ষণের সুযোগ করে দিতে পেরে তাঁরা আনন্দিত। সুযোগ তৈরি করে দিলে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ-তরুণীরাও এভিয়েশন শিল্পের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তুতি নিতে পারবেন বলে তাঁরা বিশ্বাস করেন।

উল্লেখ্য, এভিয়েশন শিক্ষা ও দক্ষ জনশক্তি উন্নয়নের লক্ষ্যে ২০২৫ সালে ‘উইংস ফর অল’ কর্মসূচি শুরু করে এভিয়েশন.কম.বিডি। এর আগের দুটি সংস্করণেও আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত তরুণদের বিনা মূল্যে এভিয়েশনবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। তৃতীয় সংস্করণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এ প্রশিক্ষণের সুযোগ আরও বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি।

এভিয়েশন, পর্যটন ও হসপিটালিটি খাতে দক্ষ জনশক্তি উন্নয়নে কাজ করছে এভিয়েশন.কম.বিডি। প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমেও খাতসংশ্লিষ্ট জ্ঞান ও দক্ষতা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

  • travel based first digital media
  • এভিয়েশন
  • এভিয়েশন.কম.বিডি
  • প্রশিক্ষণ
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া