বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ এবং নতুন উড়োজাহাজ সংযোজনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সরকার। একই সঙ্গে ঢাকা–নারিতা রুটে ফ্লাইট পুনরায় চালুর লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ২০৩৪–৩৫ অর্থবছরের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার সম্ভাব্য পরিকল্পনা পর্যালোচনা করা হয়। এ লক্ষ্যে বোয়িং উড়োজাহাজ সংযোজনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। তিনি বলেন, নতুন উড়োজাহাজ সংযোজনের আগে রুটভিত্তিক আয়-ব্যয়ের বিশ্লেষণের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি। বাস্তবভিত্তিক পদক্ষেপের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি বলেন, বোয়িং উড়োজাহাজ ক্রয়ের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি সরবরাহ প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করার ওপর জোর দেন এবং বর্তমান সরকারের মেয়াদকালে নতুন উড়োজাহাজ বহরে অন্তর্ভুক্তির লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় ঢাকা–নারিতা রুটে ফ্লাইট পুনরারম্ভের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হয়, যা আন্তর্জাতিক রুট সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
