মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৃষ্ট ফ্লাইট চলাচলের স্থবিরতা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। যুদ্ধবিরতির ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও আংশিক স্বাভাবিকতা ফিরে আসছে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ সারাদিনে মোট ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ২টি আগমন ফ্লাইট এবং ১টি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি মধ্যপ্রাচ্যগামী বহির্গমন ফ্লাইটও বাতিল হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০টি আগমন ও ৮টি বহির্গমন আন্তর্জাতিক ফ্লাইট আজ সচল ছিল, যা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে আজকের ৪টি ফ্লাইটসহ এ পর্যন্ত মোট ২৮১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
