জাপানের ২ এয়ারপোর্ট অথরিটি চালাবে থার্ড টার্মিনাল

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর নবনির্মিত থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানের বিশ্বখ্যাত বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো। সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় একটি জাপানি কনসোর্টিয়ামের হাতে তুলে দেওয়া হচ্ছে দেশের এভিয়েশন খাতের এই বৃহৎ প্রকল্প।

এই কনসোর্টিয়ামের অন্যতম প্রধান দুই সদস্য হলো জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন। এই দুটি প্রতিষ্ঠান যথাক্রমে টোকিও হানেদা বিমানবন্দর এবং নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করে, যেগুলো আন্তর্জাতিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা, দক্ষতা এবং যাত্রীসেবার মানে শীর্ষস্থান ধরে রেখেছে।

প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই থার্ড টার্মিনালের আয়তন প্রায় ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার। চালু হলে এটি বছরে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ যাত্রীকে সেবা দিতে পারবে। পাশাপাশি বছরে প্রায় ৯ লাখ টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতাও তৈরি হবে, যা দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি যোগ করবে।

এভিয়েশন সংশ্লিষ্টরা মনে করছেন, জাপানের বিশ্বমানের ব্যবস্থাপনা যুক্ত হলে দীর্ঘদিনের নানা সমস্যার সমাধান মিলবে। যাত্রী হয়রানি, লাগেজ ব্যবস্থাপনার দুর্বলতা কিংবা সেবার ঘাটতি এসব ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে জাপানের ঐতিহ্যবাহী আতিথেয়তা সংস্কৃতি ‘ওমোতেনাশি’ এবং তাদের কঠোর শৃঙ্খলা ও দক্ষ ব্যবস্থাপনা ঢাকার এই টার্মিনালকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন হাবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • থার্ড টার্মিনাল